নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মতুয়া সমাজের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভোটার তালিকায় নাম বাদ পড়তে পারে এই আশঙ্কা ঘিরে দীর্ঘদিন ধরেই উৎকণ্ঠায় ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) এক মন্তব্য সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তা ‘সহ্য করার’ কথা বলায় মতুয়াদের একাংশ ক্ষুব্ধ হন। এই পরিস্থিতিতে বুধবার বনগাঁয় এসে সরাসরি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়াকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের অভিযোগ, এর মাধ্যমে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটারদের নাম ছাঁটাই করার চেষ্টা হচ্ছে। এই বিতর্কের মাঝেই সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায় মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে। বিজেপির (BJP) পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, বহু মতুয়া ভোটারের নাম তালিকায় নেই। এতে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধে।
পরিস্থিতি আরও জটিল হয় যখন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেন, লক্ষাধিক মতুয়ার নাম বাদ পড়লেও তা মেনে নেওয়া উচিত। তাঁর এই বক্তব্যে মতুয়া সমাজের বড় অংশ নিজেদের উপেক্ষিত মনে করেন। এর পর থেকেই বনগাঁ-গাইঘাটা-ঠাকুরনগর এলাকায় প্রতিবাদ শুরু হয়। কেউ কেউ আন্দোলনের পথও বেছে নেন। যদিও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মতুয়াদের আশ্বস্ত করে বলেন, তাঁদের নাম নিয়ে কোনও সমস্যা হবে না, তবু সংশয় পুরোপুরি কাটেনি।
এই আবহেই বুধবার মতুয়াগড় হিসেবে পরিচিত বনগাঁয় সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি বলেন, হিন্দুদের স্বার্থ রক্ষার জন্যই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যে ‘জামাতের সরকার’ চলছে বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মতুয়াদের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন। কোনও মতুয়া উদ্বাস্তুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।” তিনি আরও জানান, কেন্দ্র সরকার সবসময় মতুয়াদের কথা ভেবেছে, সেজন্যই সিএএ চালু করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, শান্তনু ঠাকুরের মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছিল, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এই সভা সেই ক্ষত সামাল দেওয়ারই একটি প্রচেষ্টা। মতুয়া ভোটব্যাঙ্ক যাতে বিজেপির হাতছাড়া না হয়, সেদিকেই এখন নজর দলের শীর্ষ নেতৃত্বের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
