Desh Vibhajan Diwas:১৪ অগস্ট বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিভাজন দিবস’, নির্দেশ রাজ্যপালের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:১৯৪৭-এর দেশভাগের মর্মান্তিক অধ্যায় এবং তার সুদূরপ্রসারী অভিঘাতকে স্মরণে রেখে আগামী ১৪ অগস্ট রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিভাজন দিবস’ (Desh Vibhajan Diwas) পালনের আহ্বান জানালেন রাজ্যপাল তথা আচার্য আর এন রবি। রবিবার লোক ভবনের তরফে জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ কলেজগুলিতে এই বিশেষ দিবস পালনের বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Shamik Bhattacharya:‘আমার নাম করে তোলাবাজি’, অবাক শমীক! পুলিশের জালে অভিযুক্ত

লোক ভবনের বিজ্ঞপ্তিতে দেশভাগের অভিঘাতে পশ্চিমবঙ্গের বিপুল ক্ষয়ক্ষতির প্রসঙ্গ বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ১৯৪৭-এর সেই ঐতিহাসিক বিপর্যয়ে অগণিত মানুষের প্রাণহানি ঘটেছিল। একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি ভিটেমাটি, সম্পত্তি ও পরিচিত পরিসর ছেড়ে উদ্বাস্তু জীবনের অনিশ্চয়তায় পাড়ি দিতে হয়েছিল। দেশভাগের অভিঘাতে বাংলার সামাজিক বিন্যাস, সাংস্কৃতিক পরিমণ্ডল এবং অর্থনৈতিক কাঠামোও গভীর ও অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়।

রাজভবনের বক্তব্য, দেশের ইতিহাসের এই ‘অন্ধকার অধ্যায়’ সম্পর্কে নবপ্রজন্মকে অবহিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু মানুষের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি সমাজে বিভাজন ও বিচ্ছিন্নতার বীজ বপন করতে চায় এমন শক্তির বিরুদ্ধেও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে (Desh Vibhajan Diwas)। উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৪ অগস্ট পাঞ্জাব ও অবিভক্ত বাংলাকে বিভক্ত করে পৃথক পাকিস্তান রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। পরদিন, ১৫ অগস্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত।

অন্য দিকে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে আগামী সোমবার, ১০ অগস্ট কলকাতায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ তেরঙ্গা পদযাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রস্তাবিত এই কর্মসূচিতে অন্তত ১০ হাজার পড়ুয়ার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

বিকাশ ভবনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর। ইতিমধ্যেই বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পড়ুয়াদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে সোমবার সকাল ১০টার মধ্যে আকাশবাণী ভবন চত্বরে প্রাথমিক জমায়েত শুরু হবে। পরে দুপুর ১টার পর সেখান থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত তেরঙ্গা পদযাত্রা এগিয়ে যাবে। পদযাত্রায় সশরীরে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর।