নিউজপোল ব্যুরো: রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এসআরএফটি ক্যাম্পাস। ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-এর একটি অনুষ্ঠান চলাকালীন ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির অভিযোগ ওঠে। আয়োজকদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠান চলছিল। সেই সময় কয়েকজন পড়ুয়া সেখানে ঢুকে পতাকা ছিঁড়ে দেন বলে অভিযোগ। পাল্টা অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বাস আটকে বিক্ষোভ দেখানো হয়। পরে বাসটি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইটবৃষ্টির ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের গেট বন্ধ করে দেওয়া হয়, যাতে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে না পারেন।
এর মধ্যেই এক যুবক নিজেকে পড়ুয়া বলে দাবি করে গেটের কাছে এলে কয়েকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ধস্তাধস্তির সময় তাঁর পোশাকও ছিঁড়ে যায়। পরে কোনওরকমে গেট টপকে তিনি অন্য প্রান্তে চলে যান।
সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’পক্ষকে সামলাতে পুলিশি তৎপরতা জারি রয়েছে।
