দুপুরেই বদলাবে কলকাতার আকাশ! মেঘে ঢাকবে শহর, হালকা বৃষ্টি-বজ্রবিদ্যুতের সম্ভাবনা

আবহাওয়া কলকাতা জেলা

নিউজপোল ব্যুরো: সেপ্টেম্বরের শেষলগ্নে এসেও পুরোপুরি স্বস্তি ফিরছে না রাজ্যের আবহাওয়ায়। রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। দুই বঙ্গেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু বৃষ্টি নয়, আবহাওয়ার সঙ্গে দাপট দেখাতে পারে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং-সহ পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হলে রাস্তা ও যাতায়াত ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও থাকে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বৃষ্টির পিছনে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ সিস্টেম কাজ করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। শনিবার সকালে সিস্টেমটির অবস্থান ছিল মধ্যপ্রদেশের সিধি থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।তবে সেপ্টেম্বরের বাকি দিনগুলিতে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ রবিবার কিছু এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট থাকলেও মাসের শেষ দিকে আবহাওয়ার পরিস্থিতি তুলনামূলকভাবে শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য পাহাড়ি জেলাগুলিতে বেশি নজর রাখা হচ্ছে। বিশেষ করে দার্জিলিং ও পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে স্থানীয়ভাবে পরিস্থিতি বদলাতে পারে।