রাষ্ট্রপতি ভবন ঘিরে গুঞ্জন, পাল্টা বার্তায় শুভেন্দু! ‘গুন্ডাদমন বিল’ নিয়ে রাজনীতির আকাশে ফের বিতর্কের কালো মেঘ

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্য সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন বিল’ নাকি ফেরত পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন! সংবাদমাধ্যমের একাংশে ছড়িয়ে পড়া এমন একটি চাঞ্চল্যকর খবরকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি। কিন্তু এই খবরকে সম্পূর্ণ ‘মিথ্যে’, ‘ভিত্তিহীন’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে ও উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি ট্যাগ করে স্পষ্ট ভাষায় তিনি জানান, রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী গোষ্ঠীগুলি রাজ্য সরকারের কাজকে কালিমালিপ্ত করতেই এই ধরণের অবাস্তব ও ভুয়ো তথ্য পরিবেশন করছে।

আসল সত্যিটা সামনে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তরফে জানানো হয়েছে, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ় বিল, ২০২৬’ বা গুন্ডাদমন বিলটি আদৌ রাষ্ট্রপতি ভবন থেকে ফেরত পাঠানো হয়নি। রাজ্যপাল আর এন রবি বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠিয়েছিলেন এবং বর্তমানে তা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রকের পর্যালোচনার অধীনে রয়েছে। বিলে কোনো সংশোধনীর জন্য এটিকে কেন্দ্র বা রাষ্ট্রপতি ভবন ফের ফেরত পাঠায়নি, পুরো বিষয়টি এখনও সরকারের বিচারাধীন।

এর আগে গত শুক্রবার রাতে পূর্ব বর্ধমান থেকে কলকাতায় ফিরে তড়িঘড়ি নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ ও ভারপ্রাপ্ত ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে আলোচনার পর সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় আইন যেমন এনডিপিএস অ্যাক্টের সাথে রাজ্যের বিলের কোনো সংঘাত বা ওভারল্যাপিংয়ের খবর সম্পূর্ণ কাল্পনিক। গুজবে কান না দেওয়ার জন্য তিনি রাজ্যের সাধারণ মানুষকে বিনীত অনুরোধ জানান।গত ২৯ জুন বিধানসভায় পাশ হওয়া এই ঐতিহাসিক গুন্ডাদমন বিল রাজ্যে অসামাজিক কার্যকলাপ ও অপরাধীদের কঠোর হাতে দমনের উদ্দেশ্যে আনা হয়েছিল। কিন্তু বিল পাসের পর থেকেই অপপ্রচার চালানো হচ্ছিল বলে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই স্পষ্ট বার্তার পর ভুয়া প্রচারকারীদের মুখ পুড়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।