নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে। দল কি এবার যুব নেতৃত্বকে আরও বেশি গুরুত্ব দিতে চলেছে? নাকি অভিজ্ঞদের সঙ্গেই এগোবে শাসকদল (TMC)? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর চর্চা। চতুর্থবার রাজ্যের ক্ষমতায় ফেরার লক্ষ্যে এখন থেকেই নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করতে ব্যস্ত তৃণমূল শিবির।
আরও পড়ুন: India-Bangladesh: তারেক জমানার শুরুতেই নতুন মোড়! বাংলাদেশের সঙ্গে সম্পর্কের রসায়ন বদলাচ্ছে ভারত
এই প্রেক্ষিতেই কালীঘাটে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভোটকৌশল সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। দলীয় সূত্রে খবর, এই বৈঠকগুলিতেই প্রার্থী তালিকা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার টানা বৈঠকের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে দাবি সূত্রের। এমনকী কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগও করা হয়েছে। এবারের তালিকায় থাকছে একাধিক চমক রাজ্যের এক জনপ্রিয় গায়িকা এবং সদ্য তৃণমূলে (TMC) যোগ দেওয়া এক অভিনেত্রীর প্রার্থী হওয়া নিয়ে জোর আলোচনা চলছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই দলের মধ্যে নবীনদের তুলে আনার পক্ষে সওয়াল করে আসছেন। তারই প্রতিফলন দেখা যেতে পারে আসন্ন নির্বাচনে। সূত্রের দাবি, প্রায় ৪০ জন তরুণ মুখ এবারের প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন।
তবে নতুনদের সুযোগ দিতে গিয়ে কয়েকজন প্রবীণ নেতার নাম বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁদের সংগঠনের দায়িত্বে কাজে লাগানোর ভাবনা রয়েছে দলের। এতে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও শীর্ষ নেতৃত্ব নবীন ও প্রবীণের সমন্বয়েই এগোনোর বার্তা দিচ্ছে। এছাড়াও, একাধিক হেভিওয়েট মন্ত্রীর বিধানসভা আসন বদলের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে, যা নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
