India-Bangladesh: তারেক জমানার শুরুতেই নতুন মোড়! বাংলাদেশের সঙ্গে সম্পর্কের রসায়ন বদলাচ্ছে ভারত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে (India-Bangladesh) রাজনৈতিক পালাবদলের পর নতুন অধ্যায়ে প্রবেশ করছে ভারত–বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্ক। তারেক রহমান (Tarek Rahman)-এর নেতৃত্বে সরকার গঠনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষিতে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশে আবার চালু হতে পারে ভিসা পরিষেবা। সূত্রের ইঙ্গিত, খুব শিগগিরই ভ্রমণ ভিসাসহ একাধিক শ্রেণির ভিসা পুনরায় দেওয়া শুরু হবে। এতে বোঝা যাচ্ছে, দীর্ঘদিনের টানাপোড়েনের অধ্যায় ধীরে ধীরে শেষের পথে।

আরও পড়ুন: Bangladesh: ‘বুক ফুলিয়ে’ খুনের স্বীকারোক্তি, সীমান্ত পার হতে গিয়ে ভারতে ধরা পড়ল এসআই সন্তোষের ঘাতক!

নতুন সরকার গঠনের পরপরই বন্ধুত্বের বার্তা দিয়েছিল ভারত। নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি উপস্থিত থাকাও সেই সদিচ্ছারই প্রতিফলন। কূটনৈতিক সূত্রের খবর, সম্পর্ক স্বাভাবিক করাই এখন দুই দেশের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই বিদেশ মন্ত্রক ভিসা পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছে। সিলেটে কর্মরত ভারতের এক কনস্যুলার কর্মকর্তা জানিয়েছেন, সব ধরনের ভিসা ধাপে ধাপে চালু করতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের সীমিত পরিসরে মেডিক্যাল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল হলে পর্যায়ক্রমে পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসাও পুনরায় চালু হবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে (India-Bangladesh) ভারতের ভিসা কার্যক্রমে কাটছাঁট শুরু হয়। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বর মাসে ঢাকাসহ একাধিক শহরের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়। সেই সময়ে দৈনিক যেখানে প্রায় ৮ হাজার ভিসা দেওয়া হত, তা কমে দাঁড়ায় প্রায় দেড় হাজারে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। ভিসা পরিষেবা ফের চালু হলে মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole