নন্দীগ্রাম-রেজিনগরে ‘খাম’ প্রতীক নিয়ে মামলা, রায়দান স্থগিত রাখল কৃষ্ণা রাওয়ের বেঞ্চ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে ‘খাম’ প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। এই প্রতীক ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছে ISF। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে এদিনই রায় ঘোষণা করেনি আদালত। রায়দান স্থগিত রাখা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির ISF ‘খাম’ প্রতীক নিয়ে লড়াই করছে। কিন্তু নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে দলটির জন্য বরাদ্দ হয়েছে ‘বাঁশি’ প্রতীক। অন্যদিকে, ‘খাম’ প্রতীক পেয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ISF।

আরও দেখুন:-কোথায় দেবাংশু? রাজনীতি থেকে ‘শতযোজন দূরে’, কেন আড়ালে তৃণমূলের প্রাক্তন সোশ্যাল মিডিয়া ইনচার্জ?

শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও। ISF আগের প্রতীকের জন্য আবেদন করার পরও কীভাবে অন্য একটি দলকে সেই প্রতীক দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। কমিশনের কাছে সংশ্লিষ্ট নথি এবং প্রতীক বরাদ্দের আইনি ভিত্তি জানতে চায় আদালত।

অন্যদিকে, কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা জানান, সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের ক্ষেত্রে প্রতীক বরাদ্দের বিষয়টি আলাদা। তাঁর বক্তব্য, প্রতীক কারও সম্পত্তি নয় এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের।