নিউজপোল ব্যুরো: একসময় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে তৃণমূলের প্রচারে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর প্রচার এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়তা নজর কেড়েছিল। পরবর্তীতে দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বও সামলান তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেই দেবাংশুকেই যেন আর দেখা যাচ্ছে না রাজনৈতিক ময়দানে।
টেলিভিশনের বিতর্কসভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব জায়গাতেই তাঁর উপস্থিতি আগের তুলনায় অনেকটাই কম। এমনকি হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা যায়নি তাঁকে। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে নানা প্রশ্ন ও মিম ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।
এই পরিস্থিতিতে ফোনে যোগাযোগ করা হলে নিজের বর্তমান অবস্থার কথা জানান দেবাংশু। তিনি বলেন, আপাতত রাজনীতি থেকে ‘শতযোজন দূরে’ থাকতে চাইছেন। গত সাত-আট বছরে পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি বলেও জানান তিনি। তাই এখন বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন।
সোশ্যাল মিডিয়াতেও খুব একটা নজর রাখছেন না বলে জানান দেবাংশু। বর্তমানে পরিবারের একটি বিয়ের অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কিংবা সোশ্যাল মিডিয়ায় চলা নানা আলোচনা নিয়েও বিশেষ খোঁজ রাখছেন না বলে স্পষ্ট করেছেন। ফলে আপাতত ‘খেলা হবে’ নয়, পরিবারকেই সময় দিতে চাইছেন দেবাংশু।
