নিউজপোল ব্যুরো:শিলিগুড়ির শরৎচন্দ্রপল্লির ছোট্ট হানভিকা সাহার বয়স মাত্র দু’বছর। এই বয়সে যখন অধিকাংশ শিশু খেলনা নিয়ে ব্যস্ত, তখনই একের পর এক রাজ্যের রাজধানীর নাম বলে তাক লাগাচ্ছে এই খুদে। শুধু তাই নয়, ফল, ফুল ও রং চেনার পাশাপাশি গীতার শ্লোক, গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারে সে।
সম্প্রতি হানভিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাবলীলভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে। পরিবারের দাবি, বর্তমানে প্রায় ২৯টি রাজ্যের রাজধানীর নাম বলতে পারে হানভিকা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নামও জানে সে।
আরও দেখুন:-সাগরে পুণ্যস্নান থেকে যুব সংলাপ, ঠাসা কর্মসূচিতে নিতিন নবীনের বঙ্গ সফর
হানভিকার এই শেখার শুরু অবশ্য কোনও কোচিং বা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নয়। মা সঞ্চিতা ঘোষ খেলতে খেলতেই মেয়েকে ছবি দেখিয়ে বিভিন্ন বিষয় শেখাতেন। কখনও ফল, কখনও ফুল, আবার কখনও দেশ-রাজ্যের ছবি দেখিয়ে চলত শেখানো। প্রথমে শুনতে শুনতেই পরে নিজে থেকে সেগুলি বলতে শুরু করে হানভিকা।
মায়ের কথায়, মেয়ের উপর কোনও ধরনের পড়াশোনার চাপ দেওয়া হয়নি। খেলাধুলা ও গল্পের মধ্যেই শেখানো হয়েছে নানা বিষয়। হানভিকার প্রতিভাকে স্বীকৃতি দিতে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘Intelligent Kid’ বিভাগে আবেদন করেছে পরিবার।
