নিউজপোল ব্যুরো:দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে ঠাসা কর্মসূচিতে ব্যস্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার একাধিক সাংগঠনিক বৈঠকের পর সোমবার সকালে গঙ্গাসাগরে পৌঁছন তিনি। সেখানে পুণ্যস্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
গঙ্গাসাগরে নিতিন নবীনের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং স্থানীয় নেতৃত্ব। সঙ্গমস্থলে পুণ্যস্নানের আগে স্নানঘাট পরিদর্শন করেন তিনি। ঘাটের পরিস্থিতি এবং পুণ্যার্থীদের ব্যবস্থাপনাও ঘুরে দেখেন নিতিন। তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
আরও দেখুন:-পর্যটন থেকে হাসপাতাল, রাজ্যে বিনিয়োগের বড় বার্তা—নতুন কী ঘোষণা হল?
গঙ্গাসাগর থেকে এরপর পানিহাটিতে যাওয়ার কথা রয়েছে তাঁর। সোদপুর-পানিহাটি লোকসংস্কৃতি ভবনে অঙ্গনমিলন সেবা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে কলকাতায় যুবদের নিয়ে আয়োজিত যুব সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। সেখানে তরুণ প্রজন্মের সঙ্গে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করতে পারেন তিনি।
উল্লেখ্য, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর নিতিন নবীনের এটাই প্রথম পশ্চিমবঙ্গ সফর। সম্প্রতি রাজ্য সংগঠনে মহিলা মোর্চা, যুব মোর্চা এবং একাধিক সাংগঠনিক জেলার নেতৃত্বে পরিবর্তনের পর তাঁর সফর ঘিরে দলের অন্দরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
