নিউজপোল ব্যুরো:সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ রবিবারের সংঘর্ষের পরও কাটেনি উত্তেজনার রেশ। ঘটনার ২৪ ঘণ্টা পরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন বহু পড়ুয়া। বিশেষ করে ভিন রাজ্য এবং কলকাতার বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের অনেকেই প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে বেরোচ্ছেন না। কেউ কেউ আবার বন্ধুদের হস্টেল রুমে আশ্রয় নিয়ে থাকছেন বলে জানা গিয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে কর্তৃপক্ষের তরফেও পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের মূল ফটকের কাছেও না যাওয়ার কথা বলা হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তাঁদের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অনেকেই ফোন করে নিয়মিত খোঁজ নিচ্ছেন কর্তৃপক্ষ ও শিক্ষকদের কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চসায়র থানায় পুলিশ পিকেটিংয়ের আবেদনও জানিয়েছে প্রতিষ্ঠান।
রবিবার একটি অনুষ্ঠানে বিক্ষোভকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পরে পড়ুয়া ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে দু’জনের অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারও প্রতিষ্ঠানে কোনও ক্লাস হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকছেই। ঘটনায় পঞ্চসায়র থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
