নিউজপোল ব্যুরো: মেট্রো-ট্রেন পরিষেবা থেকে ইন্টারনেট, সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ৯ অক্টোবরের নির্দেশ কার্যকর না করার অভিযোগে আদালত অবমাননার আবেদন জমা পড়তেই কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ এবং মেট্রো রেল কর্তৃপক্ষকে একাধিক নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবও তলব করা হয়েছে।
প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানিতে আইনজীবীদের বক্তব্য শোনার পর সলিসিটর জেনারেলের বক্তব্যও শোনে আদালত। এরপর স্পষ্ট জানানো হয়, মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না। একইভাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি না হলে মেট্রো ও ট্রেন পরিষেবা বন্ধ করা যাবে না। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত ব্যারিকেড কমানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা চালু রাখতে হবে। আইনজীবী ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে কাউকে বেআইনিভাবে আটক করাও চলবে না। বিক্ষোভ সামলানোর সময় পুলিশকর্মীদের পরিচয়পত্র বা ব্যাজ দৃশ্যমান রাখার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
৯ অক্টোবরের নির্দেশ মেনে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে মঙ্গলবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। পরবর্তী শুনানি মঙ্গলবার।
