নিউজপোল ব্যুরো: আন্তর্জাতিক গবেষণার মানচিত্রে বাংলার অবস্থান আরও শক্তিশালী করল আইআইটি খড়্গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে বিজ্ঞানীদের গবেষণার অবদান মূল্যায়নের ভিত্তিতে তৈরি ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকায় জায়গা পেয়েছেন এই দুই প্রতিষ্ঠানের মোট ১৪৫ জন গবেষক। তালিকায় আইআইটি খড়্গপুরের ৯৭ জনের পাশাপাশি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন গবেষক। ফলে গবেষণার ক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সাফল্য ফের আলোচনায় উঠে এসেছে।
জাতীয় স্তরে এই তালিকায় উল্লেখযোগ্য জায়গা ধরে রেখেছে আইআইটি খড়্গপুর। তবে গবেষকের সংখ্যার নিরিখে দেশের মধ্যে এগিয়ে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। এই প্রতিষ্ঠানের ১৩৯ জন গবেষক তালিকাভুক্ত হয়েছেন। আইআইটি দিল্লির ১১৪ জন গবেষকও পেয়েছেন এই আন্তর্জাতিক স্বীকৃতি। পাশাপাশি আইআইটি মাদ্রাজের ৮১ জন এবং আইআইটি বম্বের ৭৩ জন গবেষকের নাম রয়েছে তালিকায়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও পরিসংখ্যানটি তাৎপর্যপূর্ণ। গবেষকদের দীর্ঘ কর্মজীবনের সামগ্রিক অবদান বিবেচনায় নিয়ে তৈরি তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন গবেষক রয়েছেন। একই বিভাগে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন গবেষক স্থান পেয়েছেন।
প্রকাশিত হিসাব অনুযায়ী, ভারতের ১,১৮৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মোট ৩,৮৯৮ জন গবেষক এই তালিকায় রয়েছেন। গবেষণাপত্রের উদ্ধৃতি, গবেষণার প্রভাব এবং বিভিন্ন বৈজ্ঞানিক সূচকের ভিত্তিতে তাঁদের মূল্যায়ন করা হয়েছে। এই স্বীকৃতি গবেষণার ক্ষেত্রে বাংলার প্রতিষ্ঠানগুলির অবদানকে নতুন করে সামনে আনল।
