Mamata Banerjee: ‘ম্যান-মেড’ দুর্যোগে তোপ মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) ভয়াবহ বন্যা পরিস্থিতিকে ‘ম্যান-মেড’ বা মানবসৃষ্ট বলে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার অভিযোগ, পরিকল্পিতভাবে জল ছাড়ার ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে, আর এর দায় এড়াতে পারে না কেন্দ্র এবং ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)।

আরও পড়ুন: North Bengal: থেমেছে প্রকৃতির রোষ, মেঘ সরতেই দেখা দিল কাঞ্চনজঙ্ঘা

সোমবার সকালে উত্তরবঙ্গের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দর থেকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তার কথায়, “জানলাম, ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু অপূরণীয়, কিন্তু পরিবারগুলোকে বাঁচাতে হবে। তাই রাজ্য সরকার পাশে থাকবে।”

তার অভিযোগ, ডিভিসি (DVC) ইচ্ছামতো জল ছেড়ে চলেছে, আর তারই ফলশ্রুতিতে তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি। তিনি স্পষ্ট বলেন, “আমরা কতটা জল সামলাব? একদিকে বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে, অন্যদিকে ডিভিসি মাইথন, পাঞ্চেত, ডিভিসনে জল ছাড়ছে। গঙ্গা উপচে যাচ্ছে। সেদিন কলকাতাও ডুবেছিল। এবার ভুটান (Bhutan) ও সিকিম (Sikkim) থেকে জল এসে নাগরাকাটা, ধূপগুড়িকে বিপর্যস্ত করেছে।”

পর্যটকদের ব্যাপারেও মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ, “উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে কোনও হোটেল যেন টাকা না নেয়। সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে।” এছাড়াও রাজ্যের তত্ত্বাবধানে আটকে পড়া স্থানীয় বাসিন্দাদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী হাসিমারা হয়ে নাগরাকাটা যাওয়ার পরিকল্পনা করেছেন। যতদূর যাওয়া সম্ভব, ততদূর গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন বলে জানান তিনি। তার বার্তা স্পষ্ট, প্রাকৃতিক দুর্যোগের আড়ালে লুকিয়ে থাকা প্রশাসনিক অব্যবস্থা ও রাজনৈতিক অবহেলার বিরুদ্ধে তিনি সোজাসুজি লড়াই করবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole