নিউজ পোল ব্যুরো:তৃণমূল কংগ্রেসের অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত কলকাতার মেট্রোপলিটন এলাকার একটি ভবনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে (TMC Temporary Office Controversy)। ভবনের মালিক মনোতোষ সাহা ওরফে মন্টু সাহার অভিযোগ, ২০২৫ সালেই তৃণমূলের সঙ্গে সম্পাদিত ভাড়াচুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও ভবনটি খালি করা হয়নি। এই পরিস্থিতিতে সোমবার স্থানীয় থানায় জেনারেল ডায়েরি (জিডি) দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন:Delhi Professor Murder Case:দিল্লি কাঁপানো অধ্যাপিকা খুনের রহস্যভেদ, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি!
জানা গিয়েছে, ইএম বাইপাস সংলগ্ন উত্তর পঞ্চান্ন গ্রামে তৃণমূল কংগ্রেসের পুরনো সদর দফতর ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু হওয়ার পর ২০২১ সালে মেট্রোপলিটনের ওই ভবনটিকে অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা শুরু হয় (TMC Temporary Office Controversy)। গত প্রায় পাঁচ বছর ধরে সেখান থেকেই দলের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়েছে।
মনোতোষ সাহার দাবি, ভাড়াচুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি একাধিকবার দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ভবনটি খালি করার অনুরোধ জানিয়েছেন। এমনকি সাম্প্রতিক নির্বাচনের ফল প্রকাশের পরও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট আশ্বাস বা ইতিবাচক সাড়া পাননি বলেই অভিযোগ তাঁর।
শুধু ভবন নয়, আর্থিক বকেয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মনোতোষ। তাঁর মালিকানাধীন ‘মডার্ন ডেকরেটার্স’ দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে মাইক, মণ্ডপ, চেয়ার-টেবিল-সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করত। তাঁর অভিযোগ, বিভিন্ন কর্মসূচির বাবদ এখনও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। একাধিকবার দাবি জানানো হলেও সেই পাওনা মেটানো হয়নি।
মনোতোষ সাহার বক্তব্য, ভবন খালি না হওয়া এবং বকেয়া অর্থ না মেটানো— দুই সমস্যার জেরেই তিনি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
