আকাশ ভাঙা বৃষ্টির সতর্কতা! সপ্তাহভর ভিজবে বাংলা, উত্তরবঙ্গে সপ্তাহের শুরুতেই সতর্কবার্তা

আবহাওয়া

নিউজপোল ব্যুরোঃ সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় বার্তা। উত্তরবঙ্গের একাধিক জেলায় সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। কলকাতার বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সপ্তাহজুড়েই রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে মৌসুমি বায়ুও ধীরে ধীরে দেশের আরও বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করছে। ইতিমধ্যেই মণিপুর এবং মিজোরামের সম্পূর্ণ অংশে বর্ষার আগমন ঘটেছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরার বেশ কিছু এলাকাতেও পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চলেও মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে পারে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বৃষ্টির খবর স্বস্তি এনে দিলেও, ভারী বর্ষণের কারণে নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে জল জমে যেতে পারে তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।