মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগের মধ্যেই নতুন করে হিংসার ঘটনা উদ্বেগ বাড়াল। শুক্রবার রাত থেকে রাজ্যের একাধিক পাহাড়ি এলাকায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আগুনে পুড়ে গিয়েছে প্রায় ১৪টি বাড়ি। পরিস্থিতি নিয়ে উদ্বেগের আবহেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রের সহযোগিতা চেয়েছেন তিনি।
চাসাদ গ্রামে উত্তেজনা ছড়ানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুক্রবার রাতের ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রের খবর, নিরাপত্তা বাহিনী অবৈধ বাঙ্কার সরানোর জন্য অভিযান চালালে সেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়। পুলিশ, আইআরবি (IRB) এবং বিএসএফের যৌথ বাহিনীর উপস্থিতির মধ্যেই গুলির লড়াই শুরু হয় বলে জানা গিয়েছে। পরে রাতের অন্ধকারে একাধিক বাড়িতে আগুন লাগানোর খবর সামনে আসে। নাগা ও কুকি—দুই সম্প্রদায়ের মানুষের মালিকানাধীন প্রায় ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। এদিকে, ২৩ বছর বয়সি মাইকেল গামমিনলেন হাওকিপের মৃত্যুকে কেন্দ্র করেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার সকালেও মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসতে থাকে। মাকুই ও তাপোন গ্রামের পাশাপাশি কামজং জেলার একাধিক এলাকায় হামলা ও গুলির লড়াইয়ে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটে। নাগা ভিলেজ গার্ড এবং স্বেচ্ছাসেবকদের মৃত্যুর খবর ঘিরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। অশান্তি ছড়িয়ে পড়া রুখতে কামজংয়ে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এলাকায় নজরদারিও বাড়ানো হয়।
এদিকে, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা ফের সচল করাও এখন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংয়ের কাছে বড় চ্যালেঞ্জ। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে সেই উদ্যোগগুলির কথাই তুলে ধরেন তিনি। ইম্ফল থেকে দিমাপুর হয়ে গুয়াহাটি পর্যন্ত বাস পরিষেবা পুনরায় চালু করা এবং ইম্ফল-শিলচর ও ইম্ফল-দিমাপুর জাতীয় সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক করার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি, রাজ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কেন্দ্রের সহযোগিতাও চান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
