বিক্ষোভকারীরা মুক্ত কিন্তু দীপকে-সৌরভ-ধ্রুবরা কোথায়? আজ দিল্লিতে ফের রাজপথে নামার ডাক

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। এরই মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। শনিবারের অভিযানে আটক প্রায় ৩ হাজার বিক্ষোভকারীকে পুলিশ মুক্তি দিলেও দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং ইউটিউবার ধ্রুব রাঠির এখনও সন্ধান মেলেনি। তাঁদের কোথায় রাখা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধের খবর সামনে আসার পর একাধিক রাজ্যে ভোটপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলে ককরোচ জনতা পার্টি। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে মিছিলের ডাক দিয়েছিল তারা। সেই কর্মসূচিকে ঘিরেই শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ।

দিল্লি পুলিশের বক্তব্য, আটক বিক্ষোভকারীদের ধাপে ধাপে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে মহিলা ও প্রবীণদের মুক্তি দেওয়া হয়। পরে অন্যদেরও ছেড়ে দেওয়া হয়। তবে দলের তিন নেতা এবং ইউটিউবার ধ্রুব রাঠির অবস্থান নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ধরপাকড় সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি। রবিবার সকাল ১১টায় ফের যন্তর মন্তরের উদ্দেশে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সোমবার পৃথক বিক্ষোভের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। ফলে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।