দেবীপক্ষের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি! রবিবার কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: দেবীপক্ষের সূচনা হতেই দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত বাংলা। পুজোর কেনাকাটা থেকে শুরু করে মণ্ডপ সাজানো, সবেতেই এখন ব্যস্ততা তুঙ্গে। এরই মাঝে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শহরে ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত কম।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে ছুটির দিনে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখা প্রয়োজন।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আটটি জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে সোমবার আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। পুজোর আগে আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর রাখছেন সাধারণ মানুষ।