যন্তর মন্তর বাদ, প্রতিবাদের নতুন ঠিকানা রামলীলা ময়দান! এক দিনের বুকিংয়েই খরচ ১.২১ লক্ষ! কেন এই সিদ্ধান্ত?

দেশ

নিউজপোল ব্যুরো: রাজধানীতে জনসভা ও বিক্ষোভের পরিচিত ঠিকানায় বদল আনল দিল্লি পুলিশ। দীর্ঘদিনের প্রতিবাদস্থল যন্তর মন্তরের পরিবর্তে এবার রামলীলা ময়দান-সহ আরও দুটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে। তবে নতুন ব্যবস্থায় বড় জমায়েত আয়োজন করতে গেলে খরচের অঙ্কই এখন আলোচনার কেন্দ্রে।

প্রায় ৫০ হাজার মানুষের জমায়েতের উপযোগী রামলীলা ময়দান এক দিনের জন্য ভাড়া নিতে প্রাথমিকভাবে দিতে হবে ১ লক্ষ ২১ হাজার টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা মাঠ ব্যবহারের ভাড়া, ৫৫ হাজার টাকা জামানত এবং বাকি অর্থ কর বাবদ। শুধু টাকা দিলেই হবে না, প্রয়োজন পড়বে দিল্লি পুলিশের অনাপত্তিপত্রও। আগামী আড়াই মাসে বুকিংয়ের জন্য ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর—এই তিনটি দিনই ফাঁকা রয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমারের নির্দেশে রামলীলা ময়দান ছাড়াও উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিক্ষোভের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তিনটি স্থানে জমায়েতের নিয়মাবলি পরে প্রকাশ করা হবে।

অন্যদিকে, ছোট জমায়েতের জন্য রামলীলা ময়দানের একটি অংশ বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকতে পারে। তবে সেখানে প্রায় ১৫০ জনের জায়গা হবে। আপ নেতা সৌরভ ভরদ্বাজ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসপাতাল ও ব্যস্ত রাস্তার কাছাকাছি মাঠটিতে বড় জমায়েত হলে যান চলাচলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে নতুন জায়গা নির্ধারণের পরও প্রতিবাদ আয়োজনের বাস্তব সুবিধা নিয়ে আলোচনা অব্যাহত।