নিউজপোল ব্যুরো: আকাশজুড়ে সাদা মেঘের ভেলা, বাতাসে শরতের পরিচিত আবহ। প্রকৃতিতে বর্ষা বিদায়ের ইঙ্গিত স্পষ্ট হলেও বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। রাজ্যের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে গেলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী দিনগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কিছু অংশে এখনও মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে।
মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেলা বাড়লে মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রামের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী জেলাগুলির কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমার ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ফলে শরতের আমেজ থাকলেও আগামী কয়েক দিন আকাশের দিকে নজর রাখতে হবে রাজ্যবাসীকে।
