নিউজপোল ব্যুরো: বলিউডে ফের আতঙ্ক। মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় অভিনেতা সুস্থ রয়েছেন। তবে তাঁর গাড়ির চালক এবং এক অটোচালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার সময় টাইগারের গাড়ির ঠিক পিছনেই ছিলেন টেলিভিশন অভিনেতা তথা ‘বিগ বস ১৮’-এর বিজয়ী করণবীর মেহরা। সংবাদমাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে তিনি ভেবেছিলেন বাজি ফাটার শব্দ। পরে ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ দেখতে পান। তিনি জানতে পারেন, টাইগারের গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত রয়েছে তাঁদের দেখতে পাননি বলে জানিয়েছেন করণবীর।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশকে নিয়ে মোট ১৫টি দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা রণবীর শোরে এবং পরিচালক রাহুল ঢোলাকিয়া। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় সলমন খানের সঙ্গে কাজ করা নিয়ে একটি হুমকির পোস্ট ছড়িয়েছে। তবে সেই পোস্টের সঙ্গে গুলিচালনার ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চালাচ্ছে পুলিশ।
