নিউজপোল ব্যুরো: মহাষ্টমীর পুণ্যতিথিতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বেলুড় মঠে শুরু হয়েছে দুর্গাপুজো। রবিবার সকাল থেকেই কুমারী পুজো দেখতে মঠ চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। এ বছর কুমারী হিসেবে পুজো পাচ্ছে হুগলির রিষড়ার বাসিন্দা পাঁচ বছর ন’মাস একুশ দিনের দেবাদৃতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সুভাগা রূপে আরাধনা করা হচ্ছে।
বেলুড় মঠের কুমারী পুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের সঙ্গে। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ ন’জন কুমারীকে পুজো করেছিলেন। সেই ঐতিহ্য আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে মঠ কর্তৃপক্ষ। কুমারীর মধ্যে দেবীমাতার রূপ দর্শনই এই পুজোর মূল তাৎপর্য।
মহাষ্টমী উপলক্ষে ভোরে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় পুজোর আচার। এ দিন বিভিন্ন মণ্ডপে পুষ্পাঞ্জলি ও বিশেষ পুজোর পাশাপাশি মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপুজো। প্রচলিত রীতি অনুযায়ী, এই ৪৮ মিনিটের বিশেষ পুজোয় দেবীকে ১০৮টি পদ্ম ও ১০৮টি প্রদীপ নিবেদন করা হয়।
পুজোর দিনগুলিতে বেলুড় মঠে ভক্তদের জন্য রয়েছে অবাধ প্রবেশের সুযোগ। পাশাপাশি মা সারদা সদাব্রত ভবনে সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণের ব্যবস্থাও রয়েছে।
