Calcutta High Court: জমা জলেই মৃত্যুফাঁদ! রাজ্য, পুরসভা ও CESC’র কাছে জবাবদিহি চাইল আদালত

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) সাম্প্রতিক বৃষ্টিতে জমা জলে বিদ্যুতের ছোঁয়ায় ৮ জনের মর্মান্তিক মৃত্যু শুধু শহরবাসীকেই নয়, নড়ে চড়ে বসিয়েছে রাজ্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকেও। এবার সেই ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) সরাসরি জবাবদিহি চাইল রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা CESC’র কাছ থেকে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: বৃষ্টির জলেই মৃত্যু ফাঁদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাই কোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়েছে, আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন তিনটি পক্ষকেই বিস্তারিত রিপোর্ট (Calcutta High Court) দিতে হবে। রাজ্য সরকারকে জানাতে হবে, প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত তাদের অবস্থান কী। কলকাতা পুরসভাকে দিতে হবে তাদের নিকাশি ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য যা এত দিন ধরে শহরে বৃষ্টির জল জমার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, CESC’র কাছে জানতে চাওয়া হয়েছে, এমন দুর্ঘটনা প্রতিরোধে তারা কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে।

ঘটনাটি ঘটেছে সোম ও মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে। যাদবপুর, পার্ক সার্কাস, ভবানীপুর, একবালপুর, তারাতলা সহ বহু এলাকায় রাস্তাঘাট ছিল একেবারে জলমগ্ন। সেই জমা জলই মৃত্যুফাঁদ হয়ে দাঁড়ায় নেতাজিনগর, ঠাকুরপুকুর, মোমিনপুর-সহ নানা অঞ্চলে, যেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মোট ৮ জন মানুষের।

পুজোর মুখে ফের একাধিক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পরিস্থিতি যাতে আরও না জটিল হয়, তা নিশ্চিত করতে মাঠে নামিয়েছে পুলিশ প্রশাসন। প্রত্যেক পুলিশ আধিকারিককে দেওয়া হয়েছে রেনকোট ও ছাতা। পুজোর রাতে বাড়তি ভিড় সামলাতে বিশেষ নজরদারি ও ট্রাফিক রুট বদলের কৌশল তৈরি করা হচ্ছে। পাশাপাশি, যেকোনো ওয়ার্ডে জল জমলে তা দ্রুত সরাতে থানাগুলির সঙ্গে পুরসভার যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole