মণ্ডপে মণ্ডপে বাড়তি সতর্কতা, সেলফি নয়, নজর থাকুক নিরাপত্তায়! চোরবাগানের ঘটনার পর কড়া অবস্থান ফোরামের

রাজ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগানের দুর্ঘটনার পর দুর্গাপুজোর বাকি দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে পুজো কমিটিগুলি। ভিড় সামলানো থেকে শুরু করে জরুরি চিকিৎসা, সব দিকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। আগামী ৭২ ঘণ্টা যাতে মানুষ নিরাপদে ঠাকুর দেখতে পারেন, সেই লক্ষ্যেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শহরের প্রায় প্রতিটি পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, প্রতিটি মণ্ডপের প্রবেশপথে স্বেচ্ছাসেবক বা ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে থাকতে হবে। মণ্ডপের ভিতরে এবং রাস্তায় ভিড় সামলানোর দায়িত্বও ঠিকভাবে পালন করতে হবে তাঁদের। পাশাপাশি, মণ্ডপের ভিতরে সেলফি তোলা ও ভিডিয়ো করার উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত হয়েছে। মাইকে বারবার এই নিয়মের কথা জানাতে হবে।

বৃষ্টির সময় কাজের সুবিধার জন্য প্রতিটি ক্লাবকে ১০টি করে রেইনকোট দেওয়া হবে। এর খরচ বহন করবে ফোরাম। জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য ওয়াকিটকি রাখার কথাও বলা হয়েছে। এ ছাড়া, প্রতিটি জোনে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকবে।

রাস্তার গর্ত দ্রুত বুজিয়ে দেওয়া এবং নিরাপত্তার কাজে প্রশাসনকে সাহায্য করার নির্দেশও দেওয়া হয়েছে। পুজোর আনন্দ যাতে আর কোনও দুর্ঘটনায় নষ্ট না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।