পাঁজরের হাড় ভেঙে ঢুকেছে ফুসফুসে! চোরবাগান বিপর্যয়ে ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল ভয়াবহ তথ্য। প্রবল ভিড়ের চাপে অন্তত ৬ জনের পাঁজরের হাড় ভেঙে যায়। সেই ভাঙা হাড় ফুসফুসে ঢুকে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে রিপোর্টে। দমবন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত—সব মিলিয়ে এই বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অন্তত ৭ জনের ক্ষেত্রে শ্বাসরোধের বিষয়টি উঠে এসেছে। কারও হাত ভেঙেছে, কারও পায়ে গুরুতর চোট লেগেছে। আবার কয়েকজনের মাথায় আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কথাও উল্লেখ করা হয়েছে। ভিড়ের চাপে কীভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

শনিবার রাতে ঘটে যাওয়া এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন মহিলা এবং এক জন সাত বছরের শিশু রয়েছে। কলকাতা, বিভিন্ন জেলা এবং ভিনরাজ্য থেকেও বহু মানুষ পুজো দেখতে এসেছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।