নিউজপোল ব্যুরো: পুজোর আবহে বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। এবার এই ঘটনার কড়া নিন্দা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর কথায়, “বামেদের বুক স্টলে হামলা নিন্দনীয়। মাথা নত করে দিয়েছে।”
গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপের সামনে বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠেছে। সপ্তমীর রাতে যাদবপুরে বামেদের দু’টি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসে।
এই ঘটনার নিন্দা করে অর্থমন্ত্রী বলেন, “এই যে এরকম ঘটনা হতে পারে, একটা হলে বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। এটা কোনওভাবেই আমি মেনে নিতে পারব না।” একই সঙ্গে তাঁর প্রশ্ন, “বামেদের সঙ্গে আমাদের একটা নৈতিক বিবাদ আছে। কিন্তু তা বলে বই বিক্রি করতে দেবে না? তারা কারা? কে এই অধিকার দিয়েছে?” এরপরই তিনি বলেন, “এটা নিন্দনীয়। আমি লজ্জিত। এটা যেন কোনওদিন না হয়।”
বুকস্টল ভাঙচুরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বামেরা। সেই প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, “আমাদের নামে এগুলো করছে কে? কে সাহস দিয়েছে তাঁদের?”
অন্যদিকে, বাম নেতা শতরূপ ঘোষ পাল্টা প্রশ্ন তুলে বলেন, “সবটাই শুরু হয়েছিল বিধানসভার ভিতর থেকে। আজ থেকে এক মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুজোয় বামেদের বুক স্টল করতে দেবেন না।” স্বপনকে নিশানা করে তাঁর প্রশ্ন, “তখন বিধানসভায় বসেছিলেন। তখন উঠে দাঁড়িয়ে কেন প্রতিবাদ করেননি, কেন বিরোধিতা করেননি?” বুকস্টল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্বপন দাশগুপ্তের নিন্দা এবং শতরূপ ঘোষের পাল্টা প্রশ্নে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর।
