নিউজপোল ব্যুরো: চোরবাগান ঘটনার রেশ কাটতে না কাটতেই একের পর এক দুর্ঘটনা ও উদ্বেগজনক ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তেঁতুলতলায় একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও নিষিদ্ধ রাসায়নিক উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় স্থানীয় এক বাইক শোরুমের মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহজনক গাড়িটিতে তল্লাশি চালান গোয়েন্দারা। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি ও ক্ষমতা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরা। অভিযানে যুক্ত হয় এনআইএ এবং এনএসজিও। প্রাথমিক তদন্তে বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ধৃত রাকিবুলের দত্তপুকুর, বিড়া ও বেড়াচাঁপা-সহ একাধিক এলাকায় বাইকের শোরুম রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। কয়েক বছর আগে আমডাঙায় তাঁর একটি শোরুমে বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল বলে দাবি সূত্রের। সেই ঘটনার সঙ্গে বর্তমান উদ্ধারের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বারাসাত পুলিশ জেলার সুপার এম মার্সি জানিয়েছেন, ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে চলছে। বিস্ফোরকের ক্ষমতা নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে। তবে এই ঘটনায় নাশকতার ছক ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।
