বিগ বসের ঘরে নতুন প্রেমের গুঞ্জন! জিতু-সৃজলার মান-অভিমানে বাড়ছে রহস্য

বিনোদন

নিউজপোল ব্যুরো:   বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। রাজবীর দে ও নন্দিনী দত্তকে নিয়ে চর্চার মাঝেই এবার নতুন করে আলোচনায় উঠে এলেন জিতু কমল এবং সৃজলা গুহ। তাঁদের কথোপকথন, মান-অভিমান এবং একে অপরের প্রতি আচরণ দেখে নতুন সম্পর্কের ইঙ্গিত খুঁজছেন দর্শকদের একাংশ।

এর আগে দুর্নিবারের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সৃজলা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক ভাই-বোনের মতো। সময়ের সঙ্গে সেই আলোচনা থিতিয়ে গেলেও এবার জিতুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা।

সর্বশেষ পর্বে জুতো রাখা নিয়ে জিতু ও সৃজলার মধ্যে মনোমালিন্য তৈরি হয়। রাগের মাথায় সৃজলার সমস্ত জুতো উপরে তুলে রাখেন জিতু। পরে সৃজলা একাধিকবার কথা বলতে চাইলেও তাঁকে এড়িয়ে যান জিতু। এমনকী রাগে বেডরুমে চিৎকার করতেও দেখা যায় সৃজলাকে।

এরপর সৃজলা বিছানায় শুয়ে পড়লে জিতু তাঁকে টাস্ক চলাকালীন শুতে নিষেধ করেন। কিন্তু সৃজলা জানান, তিনি কিছুটা একা থাকতে চান। জিতু চলে যাওয়ার পরই সৃজলার মুখে শোনা যায়, ‘আমি চাইনি ভালবেসে ফেলো’। এই মন্তব্য ঘিরেই এখন দর্শকদের মনে প্রশ্ন, তবে কি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্য কোনও সম্পর্কে জড়াচ্ছেন তাঁরা? নাকি সবটাই মুহূর্তের আবেগ? উত্তর মিলবে আগামী পর্বে।