স্ত্রী-কন্যাকে জেরার পর এবার কসবার বাড়িতে পুলিশ! ইন্দ্রনীল সেনকে ঘিরে তদন্তে নতুন মোড়

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর ভিআইপি পাস দুর্নীতি মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার জেলে থাকা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে তল্লাশি অভিযান চালাল কলকাতা পুলিশ। শুক্রবার দু’টি গাড়িতে করে পুলিশবাহিনী তাঁর বাড়িতে পৌঁছয়। তদন্তের স্বার্থে পুলিশের সঙ্গে ছিল প্রশিক্ষিত কুকুরও। এর আগে ইন্দ্রনীলের স্ত্রী ও মেয়েকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরা তদন্তকারীদের মুখোমুখিও হন।

এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মাস আর্ট সোসাইটির সচিব ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। তদন্তকারীদের অভিযোগ, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেআইনিভাবে ভিআইপি পাস এবং প্রিভিউ শোয়ের টিকিট বিক্রি করা হয়েছিল।

তদন্তে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দার নামও উঠে এসেছে। এফআইআরে তাঁর নাম থাকলেও হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন তিনি। অন্যদিকে, ইন্দ্রনীলের মেয়ের মালিকানাধীন সংস্থার আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অভিযোগ, দুর্নীতির টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরানো হয়েছিল।

তদন্তকারীদের দাবি, গোটা ঘটনায় প্রায় ১১৫ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। শুধু পাস বিক্রি থেকেই ৩০ থেকে ৬০ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে। পুলিশের এই তল্লাশিতে নতুন কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।