এখনই হচ্ছে না কলকাতা পুরভোট? ভোটের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ

রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতা পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত পুরভোটের দিন ঘোষণা বা নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে পারবে না নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। ২০২৬ সালের সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। এই পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।

মামলাকারীর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটারের সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই পাশাপাশি পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের পর তাঁর ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা।

এর আগে হাইকোর্টের একক বেঞ্চ রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় মামলা। এবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না। ফলে কলকাতা পুরসভার নির্বাচন কবে হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল।