নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর ঠিক আগেই পর্যটকদের জন্য সুখবর দিল সিকিম সরকার (Sikkim Government)। চিন-ভারত সীমান্তের ঐতিহাসিক রণক্ষেত্র—চো-লা পাস ও ডোকলাম (Doklam)। এই প্রথমবার খুলে দেওয়া হচ্ছে কেবলমাত্র ভারতীয় পর্যটকদের (Indian Tourist) জন্য। ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ পুজোর অষ্টমীর আগের দিন থেকেই শুরু হচ্ছে এই নতুন যাত্রাপথ।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘পাড়া ভালো তো আমি ভালো’, নেপালের অস্থিরতায় প্রতিবেশী রাজ্যকে সতর্ক রাখলেন মমতা
সিকিম সরকারের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহণ দফতর সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রাথমিকভাবে প্রতিদিন মাত্র ২৫টি গাড়িকে পারমিট দেওয়া হবে এই দুই স্পর্শকাতর এলাকায় যাওয়ার জন্য। আবেদনের প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে।
ডোকলাম: ২০১৭ সালে ভারত-চিন (India China) সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। ভুটানের সীমান্তে চিনা রাস্তা নির্মাণ ঠেকাতে ভারতীয় সেনার দৃঢ় অবস্থান আজ ইতিহাস। সেই উত্তপ্ত অঞ্চল (Doklam) এবার পর্যটনের নতুন ঠিকানা। গ্যাংটক থেকে মাত্র ৬৮ কিমি দূরে, ১৩,৮৮০ ফুট উচ্চতায়।
চো-লা পাস: হিমালয়ের এক বিস্মৃত বাণিজ্যপথ। ১৯৬৭ সালে ভারত-চিন সংঘর্ষের অন্যতম সাক্ষী। একসময় সিকিমের রাজপরিবারও এই পথ ব্যবহার করত চুম্বি ভ্যালির সঙ্গে যোগাযোগের জন্য। নাথু-লা থেকে মাত্র ৮ কিমি দূরে, চো-লা পাস এবার খোলা পর্যটকদের জন্যও।
কিছু বিধিনিষেধ, অনেক সম্ভাবনা:
ভ্রমণ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। আবশ্যিকভাবে থাকতে হবে ১৭ মাইল, কুপুপ ও গ্নাথং-এ, যাতে শরীর উচ্চতায় মানিয়ে নিতে পারে। বাইকে যাওয়ার অনুমতি মিলবে, তবে তা নির্দিষ্ট শর্তে। ডোকলামে (Doklam) পরিকাঠামো তৈরি হলেও চো-লা আংশিকভাবে পড়ে পাঙ্গোলাখা অভয়ারণ্যের মধ্যে। তাই পরিবেশ ও নিরাপত্তা—দুই ক্ষেত্রেই থাকছে কড়া নজর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই সিদ্ধান্তে পর্যটকদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনই নতুন প্রাণ পেল সিকিমের পর্যটন শিল্পও। ইতিহাসপ্রেমী, অ্যাডভেঞ্চারপ্রিয় আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে চাওয়া পর্যটকদের জন্য এই দু’টি গন্তব্য হতে চলেছে একদমই নতুন অভিজ্ঞতা।
