নিউজপোল ব্যুরো: আবার বাড়লো সিগারেটের দাম। আইটিসি-র (ITC) সিদ্ধান্ত অনুযায়ী কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ালো। সংস্থার জনপ্রিয় গোল্ড ফ্লেক রেগুলার সাইজ ফিল্টার টিপস (RSFT) সিগারেটের প্যাকেটের দাম ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে এই প্যাকেট কিনতে ১২৫ টাকা খরচ হত, এখন তার জন্য দিতে হবে ১৩৫ টাকা।
চলতি ২০২৬ সালে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল গোল্ড ফ্লেকের। এর আগে গত ফেব্রুয়ারিতে এক ধাক্কায় ৩০ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ৯৫ টাকার প্যাকেটের দাম বেড়ে হয়েছিল ১২৫ টাকা। এবার কয়েক মাস কাটতে না কাটতেই ফের ১০ টাকা বাড়ানো হল।
আইটিসি-র সিগারেট ব্যবসায় গোল্ড ফ্লেকের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশই বিক্রি আসে এই ব্র্যান্ড থেকে। তাই এই সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সংস্থার কাছে বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সিগারেটের উপর বেশি কর চাপায় সমস্যায় পড়েছে সংস্থা। এর প্রভাব পড়েছে সংস্থার লাভেও। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে আইটিসি-র নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২০.১ শতাংশ কমেছে। তবে সংস্থার মোট আয় কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিতে ফের দাম বাড়ানোয় এবার ক্রেতাদের খরচ আরও বাড়ল।
