নিউজপোল ব্যুরো: সরকারি পরিষেবা পেতে গিয়ে আর দিনের পর দিন দফতরের দরজায় ঘুরতে হবে না সাধারণ মানুষকে! অন্তত তেমনই বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। কোনও আবেদন জমা পড়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে তার নিষ্পত্তি না হলে এবার সংশ্লিষ্ট আধিকারিককে নিজের দায়িত্ব সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। কেন সময়মতো কাজ শেষ করা গেল না, তার লিখিত ব্যাখ্যাও জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে। সরকারি কাজে অকারণ বিলম্ব এবং প্রশাসনিক গাফিলতি আটকাতেই এবার নজরদারি ও নিয়ম আরও কড়া করল নবান্ন। ফলে ফাইল ফেলে রাখার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি দফতরে সাধারণ মানুষের আবেদন দিনের পর দিন পড়ে থাকছে? নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মিলছে না পরিষেবা? এবার এই ধরনের প্রশাসনিক গাফিলতি রুখতে আরও কঠোর পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। কোনও আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে দেরির কারণ।
প্রশাসনিক মহলে এই ব্যবস্থা ‘Deemed Grant’ নামে পরিচিত। অর্থাৎ, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনও আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না জানানো হলে নির্দিষ্ট ক্ষেত্রে সেই পরিষেবার অনুমোদন মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া হবে। তবে তাতেই আধিকারিকদের দায়িত্ব শেষ হচ্ছে না।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, “নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের প্রক্রিয়া শুরু করতে হবে।” দফতরের প্রধানকে শোকজ নোটিস পাঠিয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাইতে হবে।
পাশাপাশি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসে কতগুলি ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয়েছে এবং কতজন আধিকারিককে শোকজ করা হয়েছে, তার রিপোর্ট জমা দিতে হবে। ২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন মেনেই এই নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যসচিবের নির্দেশে অবিলম্বে তা কার্যকর করার কথা জানানো হয়েছে।
