তদন্তের খাঁড়া নাকি চিকিৎসার বাহানা? মোক্ষম সময়েই কেন বিদেশ যাওয়ার চেষ্টা অভিষেকের?

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ বিদেশ যাওয়ার ইচ্ছাপ্রকাশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য মাত্র সাত দিনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে, চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই আবেদনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন।

একের পর এক নিয়োগ দুর্নীতি এবং কয়লা কেলেঙ্কারির মামলায় জড়িয়ে পড়ে কি এবার আইনি জট কাটানোর চেষ্টা করছেন সাংসদ? অনেকেই কটাক্ষ করে বলছেন, বিদেশে পালিয়ে গিয়ে লাভ কী, শেষমেশ তো গ্রেফতার হতে এই রাজ্যেই ফিরে আসতে হবে!উল্লেখ্য, ২০১৬ সালের এক পথ দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক। আইনি সূত্রে খবর, তাঁর বিদেশযাত্রার ওপর সরাসরি কোনো আইনি নিষেধাজ্ঞা না থাকলেও, একাধিক বিচারাধীন মামলায় তদন্তকারী সংস্থার সাথে সহযোগিতার নির্দেশ রয়েছে। সেই কারণেই কোনো আইনি জটিলতায় না পড়ে আদালতের ছাড়পত্র নিতেই এই আর্জি জানানো হয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে বিদেশের টিকিট কাটলেও, আইনের লম্বা হাত যে কোনো সময় কলার চেপে ধরবে, সেই আতঙ্কেই কি এখন ঘুম উড়েছে ভাইপোর? যতই প্লেনের টিকিট বুক হোক না কেন, বাংলার কোটি কোটি টাকার দুর্নীতির জবাব না দিয়ে পার পাওয়া অসম্ভব। রাজপ্রাসাদ ছেড়ে শেষমেশ যে শ্রীঘরের চার দেওয়ালের দিকেই পা বাড়াতে হবে, সেই ভয়টা কিন্তু এবার বেশ ভালোই জাঁকিয়ে বসেছে। আদালত শেষ পর্যন্ত তাঁকে যাওয়ার অনুমতি দেয় কি না, এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এই নিয়ে কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।