IND Vs AUS: অজিদের ফাইনালে দেখছেন না ওঁরা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ২০২৩ সালের ১৯ নভেম্বরের স্মৃতি উস্কে আরো একবার আইসিসি প্রতিযোগিতার নক আউট পর্বে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (IND Vs AUS)। তবে এবারে ফাইনাল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে মুখোমুখি দুই দল। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে ভারতীয় সমর্থকরা। তাদের মনে বারবার ফিরে আসছে বছর দেড়েক আগে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার স্মৃতি।

আরও পড়ুনঃ Champions Trophy: ক্রিকেট ঈশ্বর যা যা করেন, সবই কি মঙ্গলের জন্য?

তবে সমর্থকরা চিন্তায় থাকলেও চিন্তিত নন বিশেষজ্ঞরা। নভজোৎ সিং সিধু, সুরেশ রায়নার মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা মঙ্গলবারের ভারত-অস্ট্রেলিয়া (IND Vs AUS) দ্বৈরথে নির্দ্বিধায় এগিয়ে রাখছেন রোহিত শর্মাদের। পাশাপাশি তারা এও জানাচ্ছেন, সময় বদলে গিয়েছে। তাই ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যত সহজে বিশ্বকাপ জিতেছিলেন প্যাট কামিন্সরা, মঙ্গলবার ভারতকে হারানো ততটা সহজ হবে না স্টিভ স্মিথের দলের পক্ষে। বরং মেন ইন ব্লু’য়ের কাছেই এ এক সুবর্ণ সুযোগ অজিদের হারিয়ে ফাইনাল খেলার জন্য।

দুবাইয়ে গ্রুপ লিগের ৩ ম্যাচে ভারতের পারফরম্যান্সের ভিত্তিতেই এই কথা বলছেন প্রাক্তনীরা। দুবাইয়ের মন্থর উইকেট যে স্পিনারদের স্বর্গরাজ্য তা ৩ ম্যাচেই দেখে নিয়েছে ক্রিকেট বিশ্ব। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ স্পিনার খেলান রোহিত। সুযোগ পেয়েই ৫ উইকেট তুলে নিয়েছেন বরুণ চক্রবর্তী। তবে তার থেকেও বড় কথা, ভারতীয় স্পিনারদের জালে আটকা পড়ে রীতিমত হাঁসফাঁস করতে দেখা গেল নিউজিল্যান্ডের ব্যাটারদের। উপমহাদেশের বাইরের দলগুলির মধ্যে যারা নাকি সবথেকে ভাল স্পিন খেলে বলে দাবি করা হয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

নিউজিল্যান্ড ইনিংসের শুরু থেকেই যে উইকেটে টার্ন দেখা গিয়েছে তেমনটা মোটেই নয়। বরং ইনিংস বিরতিতে উইকেট রোলার চালানোর পর বল পড়ে মোটামুটি ভালই ব্যাটে আসছিল প্রথম ৩০ ওভারে। তবু দুর্দান্ত লাইন-লেন্থে কিউই ব্যাটারদের হাত খুলতে দেননি ভারতীয় স্পিনাররা। ফলে শুরু থেকেই আস্কিং রেটে যে চাপ বাড়তে থাকে, শেষমেষ তাতেই চাপা পড়ে যান উইলিয়ামসনরা। এসব দেখেই সুরেশ রায়নার দাবি, সেমিফাইনালে রোহিত-গম্ভীর জুটি ৪ স্পিনার খেলালে একইভাবে ফাঁসবে অজিরা। একই মত নভজোৎ সিং সিধুরও। ট্র্যাভিস হেড ইদানিংকালে ভারতের জন্য সবথেকে বড় হেডেক। দুবাইয়ের উইকেটে তাঁর কাজও সহজ হবে না বলে দাবি করছেন তাঁরা। সব মিলিয়ে ভারত যে ফাইনাল খেলছেই সে ব্যাপারে নিশ্চিত প্রাক্তনীরা।