নিউজ পোল ব্যুরো: ফের গ্রেফতার হলেন বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) ওরফে চিন্ময় প্রভু। রাষ্ট্রদ্রোহের মামলায় গত ৩০ এপ্রিল চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। ৫ দিনের মধ্যেই অন্য একটি মামলায় ফের গ্রেফতার করা হচ্ছে তাঁকে। আগের মামলায় জামিন পেলেও এখনও জেলমুক্তি হয়নি চিন্ময় প্রভু। তার মধ্যেই তাকে ‘শোন অ্যারেস্ট’ অর্থাৎ নতুন করে আবার গ্রেফতার করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত।
জানা গিয়েছে, আইনজীবী হত্যা মামলায় চিন্ময় প্রভুকে (Chinmoy Krishna Das) নতুন করে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রাম আদালতের পক্ষ থেকে। উল্লেখ্য, গত নভেম্বরে চিন্ময় প্রভুর জামিনের মামলাকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম আদালত চত্বরে। যে ঘটনায় প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম। সেই ঘটনাতেই চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হচ্ছে বলে খবর।

বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যম জানিয়েছে, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করার আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সোমবার সেই আবেদনে সাড়া দিয়েছে চট্টগ্রাম আদালত। বিচারপতি এস এম আলাউদ্দিন মাহমুদ এদিন ভার্চুয়াল শুনানিতে চিন্ময়কৃষ্ণকে (Chinmoy Krishna Das) ‘শোন অ্যারেস্টে’র নির্দেশ দেন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই শুনানিতে চিন্ময় প্রভুর তরফে কোনও আইনজীবী ছিলেন না।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের মামলায় গত বছর গ্রেফতার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভুকে। দীর্ঘ ৫ মাস জেলে থাকার পর সম্প্রতি তাঁর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। কিন্তু জেলমুক্তির আগেই আইনজীবী হত্যা মামলায় নতুন করে গ্রেফতার করা হল তাঁকে। উল্লেখ্য, আইনজীবী হত্যা সংক্রান্ত ৬টি মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মূল অভিযুক্তেরা হলেন রিপন দাস, চন্দন দাস, রাজীব ভট্টাচার্য প্রমুখ। তারা আদালতে স্বীকারোক্তি করে জবানবন্দিও দিয়েছেন। এই ঘটনায় এখনও ২১ জন জেলবন্দি।
