Digha Rathyatra 2025: প্রথমবার দিঘায় নতুন মন্দির থেকে রথ! কখন শুরু হবে রথ চলা? ভিড় সামলাতে কি ব্যবস্থা নেওয়া হবে? জানুন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এ যেন এক নতুন যুগের সূচনা। সমুদ্র শহর দিঘায় এই প্রথমবারের মতো নতুন জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) থেকে শুরু হতে চলেছে রথযাত্রা (Digha Rathyatra 2025), আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। ধর্মীয় আবেগ, রাজনীতির বার্তা আর প্রশাসনিক তৎপরতা, সব মিলিয়ে উৎসবের আবহে ভরে উঠেছে গোটা দিঘা।

আরও পড়ুন: Rathyatra 2025: পুরী নয়, এবার ফোকাস দিঘা! তৃণমূলের ‘ইশারা’ ঘিরে রাজনৈতিক চাপানউতর

বুধবার কাঁথিতে (Kanthi) সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা সেরে, তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে এবং মারিশদা থানায় প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখে শেষমেশ মুখ্যমন্ত্রী পৌঁছান দিঘায়। বৃহস্পতিবার তিনি জানান, “এবার প্রথম নতুন মন্দির থেকে রথ বেরোবে। পুরনো মন্দির পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার পথ জুড়ে চলবে এই রথ (Digha Rathyatra 2025)। সাড়ে ৯টার পর নিমকাঠের মূর্তি এসে যাবে। আমরা পৌঁছব দুপুর দুটো নাগাদ। আড়াইটা পর্যন্ত হবে আরতি। এরপর ঠিক আড়াইটায় রথ টানার শুভ সূচনা।”

সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজেই সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার (Digha Rathyatra 2025) সূচনা করবেন, যা বাংলার সংস্কৃতিতে এক শক্তিশালী বার্তা। তিনি আরও জানান, রথযাত্রা চলাকালীন মাঝে মাঝে থামানো হবে, যাতে দর্শনার্থীরা রথ ছুঁয়ে দর্শন ও টানার সুযোগ পান নিরাপদে। নিরাপত্তা এবং জননিয়ন্ত্রণে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।

পুরো দিঘা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা (New Digha) পর্যন্ত রাস্তার দু’ধারে বসানো হয়েছে কাঠের ব্যারিকেড, যান চলাচলে আনা হয়েছে নিয়ন্ত্রণ। পুলিশ, দমকল, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের যৌথভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। প্রচুর মানুষের সমাগমের আশঙ্কায় নেওয়া হয়েছে সবরকম প্রস্তুতি। মমতা নিজে তদারকি করতে এসে বলেন, দিঘার এই রথ শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের নবযাত্রাও।