Abhishek Banerjee : অভিষেকের গলায় ‘এবার বিজেপিকে বিদায় জানানোর পালা’ স্লোগান, কটা আসন পাবে BJP, জানিয়ে দিলেন সেটাও

কলকাতা জেলা রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী বলেছিলেন, ‘আবকি বার ২০০ পার’। অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলায় বিজেপিকে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেই টার্গেট পূরণ তো দূর একুশের নির্বাচনে ১০০ গন্ডি পার করতে পারেনি বিজেপি। মাত্র ৭৭ আসনেই থামতে হয়েছিল। আগামী বছরে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তাতে বিজেপি কটা আসন পাবে তা খোলামেলা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

২০২৬-এর নির্বাচনে বিজেপির আসন দখল নিয়ে ভবিষ্যদ্বাণী করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি নির্বাচনের স্লোগানও বেঁধে দিয়ে বলেছেন এবার বিজেপিকে “বিদায় জানানোর পালা।” বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময়ে তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপির অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “২০২১ সালে তো বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ২০২৬ সালের লড়াইয়ে এ বার ৫০-এর নীচে থাকবে। আমি ভবিষ্যদ্বাণী করি না। যদি ভবিষ্যদ্বাণী করি, তা ঈশ্বরের কৃপায় মানুষের ভালবাসায় অল্প হলেও মেলে।”

আরও পড়ুন: Dilip Ghosh : রামনবমী নিয়ে কি রাজনীতি হয়না? দিলীপ ঘোষের মন্তব্যে ঝড় বঙ্গ রাজনীতিতে

বক্তৃতার সময় অভিষেক (Abhishek Banerjee) তাঁর নিজের অতীতের কিছু ‘ভবিষ্যদ্বাণী’র কথাও উল্লেখ করেন। জানান তিনি বলেছিলেন ২০১৯-এর লোকসভার থেকেও কম আসন ২০২৪ এর ভোটে পাবে বিজেপি। সেটাই হয়েছে বলে উল্লেখ করেন। লোকসভায় বিজেপির আসন ১৮ থেকে কমে হয়েছে ১২টি। আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ময়াদানে নেমেছে বিজেপি। বাংলায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডাক দিয়েছেন বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার। তবে একুশের নির্বাচনের মত এবারে কোনও টার্গেট বেঁধে দেননি কেন্দ্রীয় নেতারা। তবে বিজেপির বাংলা দখলের স্বপ্ন সত্যি হবে না বলেই উল্লেখ করেছেন অভিষেক। বিজেপির বিরুদ্ধে ‘বৈষম্য এবং বিদ্বেষের রাজনীতি’ করার অভিযোগ এনে বলেছেন, “কী বিদ্বেষ! এই বৈষম্য, বিদ্বেষের রাজনীতি কোনওদিন বাংলায় ছিল না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT