নিউজ পোল ব্যুরো:নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বিহারের রাজনীতি। আইনশৃঙ্খলার অবনতিকে কেন্দ্র করে সরগরম রাজ্য। শনিবার রাতে আততায়ীদের গুলিতে খুন হন পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা। নিজের বাড়ির কাছেই গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।এই ঘটনায় নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi on Bihar crime)। রবিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি কড়া পোস্টে তিনি লেখেন,-“বর্তমানে বিহার লুট, গুলি, খুনের ঘটনায় জর্জরিত। প্রতিদিনের নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে অপরাধ। অথচ সরকার কিছুই করতে পারছে না।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/06/bjp-red-road-event-shyama-prasad-birth-anniversary/
রাহুল গান্ধী (Rahul Gandhi on Bihar crime) বিহারের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে লেখেন,-“যে দল আপনাদের সন্তানদের রক্ষা করতে পারে না, তাদের ভোট দেবেন না। প্রতিটি খুন, প্রতিটি গুলিই পরিবর্তনের আবেদন করছে। এই ভোট কেবল সরকার পরিবর্তনের নয়, এই ভোট বিহারকে বাঁচানোর ভোট। সময় এসেছে নতুন বিহার গড়ার।”উল্লেখযোগ্যভাবে, বছর ছয় আগে একই কায়দায় গোপাল খেমকারের ছেলেকেও গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। দুই ঘটনার মধ্যেকার মিল আরও বেশি করে উদ্বেগ তৈরি করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শনিবারই নিহত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান কংগ্রেস সাংসদ পাপ্পু যাদব। তাঁরাও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তোলেন।
এদিকে, আরজেডি নেতা ঋষি মিশ্র সরাসরি আক্রমণ করে বলেন,“নীতীশ কুমার কার্যত অচেতন অবস্থায় রয়েছেন। পুলিশ নির্লিপ্ত। শুধু মদ ব্যবসায়ীদের ধরেই নিজেদের দায়িত্ব শেষ করছে। মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর শেষে বিহার বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। অপরাধ ও নিরাপত্তাহীনতা বড় ইস্যু হয়ে উঠছে বিরোধীদের হাতে। গোপাল খেমকারের মৃত্যুর ঘটনা রাজ্যে ভোটের আবহে এক নতুন মোড় এনে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।
