নিউজ পোল ব্যুরো: ভারতের নাগরিকত্ব নিয়ে ফের একবার প্রশ্নের মুখে পড়েছে আধার (Aadhar Card) এবং ভোটার কার্ড (Voter Card)। সাম্প্রতিক সময়ে বিহারে নির্বাচন কমিশনের নির্দেশিকা ঘিরে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। এই নির্দেশিকায় বলা হয়েছে, ভোটার তালিকায় নাম রাখতে হলে নাগরিকত্বের যথোপযুক্ত প্রমাণ দিতে হবে—কিন্তু আধার বা রেশন কার্ড সেই তালিকায় নেই! এই প্রসঙ্গে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) সিইও ভূবনেশ কুমার সাফ জানিয়ে দিলেন, “আধার কখনও নাগরিকত্বের প্রাথমিক পরিচয়পত্র নয়।”
তার বক্তব্য অনুযায়ী, আধার কার্ড (Aadhar Card) কেবলমাত্র একজন ব্যক্তির পরিচয় ও বসবাসের প্রমাণ দেয়, কিন্তু তা নাগরিকত্বের নিশ্চয়তা দেয় না। জাল আধার তৈরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলেই কিউআর কোড (QR Code) ও আধুনিক প্রযুক্তির সাহায্যে কার্ড যাচাইয়ের ওপর জোর দিচ্ছে UIDAI। পাশাপাশি, শীঘ্রই একটি আধার অ্যাপ আসছে, যার মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র সংরক্ষণ সম্ভব হবে—এতে করে আর প্রতিটি ক্ষেত্রেই ‘হার্ড কপি’ বহনের প্রয়োজন থাকবে না।
তবে প্রশ্নটা থেকেই যায়! যদি আধার (Aadhar Card) নাগরিকত্বের প্রমাণ নয়, আর ভোটার কার্ডও নয়, তাহলে নাগরিকত্বের আসল প্রমাণপত্র কোনটি? জন্ম শংসাপত্র, স্কুলের অ্যাডমিট কার্ড এই নথিগুলির উপরেই যদি নির্ভর করতে হয়, তবে এতদিন যে আধার ও ভোটার কার্ডকে পরিচয়ের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, তা কি তবে শুধুই সরকার নির্ধারিত ‘অধিকার সীমিত’ ডকুমেন্ট?
বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে, এই ধরণের সিদ্ধান্তে বহু প্রকৃত নাগরিক তালিকা থেকে বাদ পড়তে পারেন। তাতে ক্ষতি শুধু গণতন্ত্রেরই নয়, হেনস্তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।তাই একটাই প্রশ্ন, এত প্রচার, সংযুক্তিকরণ ও খরচের পরও যদি আধার-ভোটার প্রাথমিক পরিচয়পত্র না হয়, তবে এতদিন আমরা কিসে বিশ্বাস রেখেছিলাম? নাগরিকত্ব কি শুধুই একটা শংসাপত্রের খেলা, নাকি এর গভীরে রয়েছে আরও জটিল রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
