নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গুজরাটে। বুধবার ভোরে গুজরাটের ভদোদরা জেলায় ৪৩ বছরের পুরনো একটি সেতু ভেঙে (Bridge Collapses) পড়লে একাধিক গাড়ি মহিসাগর নদীতে পড়ে যায়। যার জেরেই একই পরিবারের তিনজন সহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং ৯ জন আহত হন। বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী । নিজের রাজ্যের এই খবর পাওয়া মাত্রই করেছেন শোকপ্রকাশ।
ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘গুজরাটের ভদোদরা জেলায় একটি সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’ ভদোদরার পুলিশ সুপার রোহন আনন্দ নিশ্চিত করেছেন যে মৃতের সংখ্যা ১০ জন। আনন্দ বলেন, আরও তিনজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) জীবিতদের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।
ভদোদরার এসপি বলেন, দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করবে। পুলিশ সুপার বলেন, “আমরা জেলা কালেক্টরের কাছ থেকে তদন্ত প্রতিবেদনও চাইব। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাদরা রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” এই প্রসঙ্গে উল্লেখ্য, ভদোদরা জেলার পাদরা তালুকের মুজপুরে অবস্থিত এই সেতুটি মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্রের সাথে সংযুক্ত করেছে। ৪৩ বছরের পুরানও ব্রিজ রক্ষণাবেক্ষণ করা হত না বলেই অভিযোগ উঠেছে। টানা বৃষ্টি ও বেহাল দশার কারণেই এই দুর্ঘটনা (Bridge Collapses) বলে অনুমান করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
