Supreme Court: ভোটের মুখে তালিকা সংশোধন কতটা ন্যায়সঙ্গত? বিহারের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র বিতর্ক

দেশ

নিউজ পোল ব্যুরো: বিহার (Bihar) বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা হঠাৎ করে নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এই বিষয়ে একাধিক রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে—নিবিড় সংশোধন কি যুক্তিযুক্ত, না কি তা গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল?

আরও পড়ুন: Bengali Migrant Workers: বাংলা বললেই বাংলাদেশি? ওড়িশায় পরিযায়ী বাঙালিদের আটক ঘিরে তুঙ্গে রাজনীতি!

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভোটার তালিকা যাচাই ও সংশোধন অবশ্যই সংবিধানসম্মত প্রক্রিয়া এবং তা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে, বিচারপতি শুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই সংশোধনের ‘সময়’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আদালতের (Supreme Court) সাফ বক্তব্য, “যখন নির্বাচন প্রায় দোরগোড়ায়, তখন তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় পাবে না। একবার তালিকা চূড়ান্ত হলে তা আর আদালতের হস্তক্ষেপের আওতায় থাকে না।” এই প্রেক্ষিতে বিচারপতি ধুলিয়া বলেন, “এই প্রক্রিয়ার যুক্তি নিয়ে নয়, বরং সময় নিয়ে আমাদের প্রশ্ন। কেউ যদি নির্বাচন (Election) আগেই তালিকা থেকে বাদ পড়ে, তার আর প্রতিকার নেই।” আদালতের (Supreme Court) মতে, এ এক মৌলিক গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা।

নির্বাচন কমিশন (Election Commission) দাবি করেছে, ২০০৩ সালের পর এই প্রথম বার বিহারে (Bihar) এমন একটি ব্যাপক সংশোধন হচ্ছে। কমিশনের মতে, নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অবৈধ বাসিন্দাদের নাম বর্জন, এবং ভোটার তালিকা ডিজিটাল রূপে আধুনিকীকরণের জন্য এই প্রক্রিয়া জরুরি। তবে সংশোধনের জন্য জন্ম প্রমাণপত্র বা মা-বাবার জন্ম সনদের মতো কঠোর শর্ত আরোপ করায়, বহু ভোটার নাম তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল (TMC) কংগ্রেস, আরজেডি, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এবং পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস-সহ একাধিক পক্ষ এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT