Prasenjit Chatterjee: “বাংলা আমার প্রাণের ভাষা” মুম্বইয়ের বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: মুম্বইয়ে ‘মালিক’ ছবির সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষায় এক প্রশ্ন ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। কলকাতা থেকে যাওয়া এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করতেই অভিনেতা পাল্টা বলেন, “এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন?” সেই মন্তব্যকে ঘিরেই নেটমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। বাংলার বহু মানুষ এই মন্তব্যে আঘাত পান, কেউ কেউ অভিনেতার স্বদেশপ্রেম ও মাতৃভাষাপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুন:Rajkumar-Patralekha: মা-বাবা হতে চলেছেন রাজকুমার ও পত্রলেখা, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস

শেষমেশ এই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ (Prasenjit Chatterjee)। একটি বিস্তারিত ফেসবুক পোস্টে অভিনেতা তাঁর অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন। তিনি লেখেন, “কিছু দিন হল আমার একটা কথা বলা দরকার, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করেছি। বাংলা আমার প্রাণের ভাষা, ভালবাসার ভাষা। নিজের ভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবি না।”তিনি জানান, ওই সাংবাদিক সম্মেলনে পরিচালক, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা শুরু থেকেই ইংরেজিতে কথা বলছিলেন। সেখানেই একমাত্র বাংলা প্রশ্নটি আসায় তিনি উদ্বেগ প্রকাশ করেন উত্তর যদি বাংলায় দেওয়া হয়, তবে অনেকেই হয়তো তা বুঝবেন না। তাই একমাত্র সেই পরিস্থিতি থেকেই তাঁর মন্তব্যটি এসেছিল।

প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) আরও লেখেন, “বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘ দিনের পরিচিত ও স্নেহের পাত্রী। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওঁকে বলি, বাংলায় কেন প্রশ্ন করছেন?” তবে সমালোচনার অভিঘাত অভিনেতাকে স্পর্শ করেছে, এ কথাও স্বীকার করেছেন তিনি। তিনি আরও বলেন, “অনেকে হয়তো আমার কথার আক্ষরিক মানে ধরে কষ্ট পেয়েছেন। আমিও কষ্ট পেয়েছি। আমার কথার উদ্দেশ্য ঠিকভাবে বোঝাতে পারিনি, সেটাই ভুল বোঝাবুঝির মূল কারণ। যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত।”

এই পোস্টের মাধ্যমে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) একদিকে যেমন আত্মপক্ষ সমর্থন করেছেন, অন্যদিকে বাংলা ভাষা ও বাংলার মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। এক সংবেদনশীল অভিনেতার মতোই তিনি বুঝিয়ে দিলেন আলোচনার উর্ধ্বে তিনি নিজেও নন। এই বিতর্ক প্রসেনজিতের মতো প্রভাবশালী অভিনেতার ক্ষেত্রেও কতটা সংবেদনশীল হয়ে উঠতে পারে, তা ফের একবার প্রমাণ হল। তাঁর বক্তব্যে ভুল বোঝাবুঝি তৈরি হলেও, নিজের অবস্থান ব্যাখ্যা করে এবং আন্তরিক দুঃখপ্রকাশ করে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন শিল্পী বা কেবল পর্দার নায়ক নন, বাস্তবেও তিনি দায়িত্ববান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT