নিউজ পোল ব্যুরো: বিহার পুলিশের (Bihar Police) শৃঙ্খলা ভাঙছে ‘রিলস’-এর নেশায়! সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল কিছু ভিডিওতে উর্দি পরে মেকআপ আর গয়নায় সেজে গান-বাজনায় রিল বানাতে দেখা গিয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীকে। এমন কাণ্ড দেখে নড়েচড়ে বসেছে বিহার পুলিশ প্রশাসন (Bihar Police)। তাই এবার অনডিউটি থাকা অবস্থায় মহিলা পুলিশদের মেকআপ এবং গয়না পরায় কড়া নিষেধাজ্ঞা জারি করল বিহার পুলিশ (Bihar Police) হেডকোয়ার্টার।
আরও পড়ুন: TMC: অসমীয়ারাই স্থায়ী, বাংলাভাষীরা বিদেশি? হিমন্তকে কড়া জবাব তৃণমূলের, সরব কুণাল ঘোষও
৮ জুলাই পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) পঙ্কজ দরদের সই করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, কনস্টেবল থেকে ইনস্পেক্টর স্তরের সকল মহিলা পুলিশকর্মী ডিউটির সময় কোনও ধরণের গয়না— যেমন কানের দুল, নেকলেস বা নাকের অলঙ্কার পরতে পারবেন না। মেকআপ করাও নিষিদ্ধ। নির্দেশ লঙ্ঘন করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। শুধু মহিলারা নয়, পুরুষ পুলিশকর্মীদের জন্যও এসেছে একগুচ্ছ নির্দেশনা। বলা হয়েছে, ডিউটিতে থাকলে পোশাক হতে হবে নির্ভুল ও যথাযথ। ব্লুটুথ ইয়ারফোন (Earphone) ব্যবহার করে গান শোনা, ফোনে কথা বলা বা ভিডিও তৈরি করা যাবে না। যারা উর্দি পরে দায়িত্ব পালনের বদলে রিলস বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন, তাদের বিরুদ্ধে চলবে প্রশাসনিক পদক্ষেপ।
সূত্রের খবর, ইতিমধ্যেই এই ধরণের নিয়ম ভাঙার অভিযোগে ১০ জন মহিলা পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের একাংশ বলছে, উর্দির গুরুত্ব এবং দায়িত্ববোধের সঙ্গে কোনওভাবেই এই ধরনের ফ্যাশন, বিনোদন বা সোশ্যাল মিডিয়ার মিল নেই। পুলিশ মানে জনসেবার এক কঠিন শপথ। সেই শৃঙ্খলা রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে শীর্ষ পুলিশকর্তারা। এককথায়, দায়িত্বের মাঠে এবার সাজ নয়, শৃঙ্খলাই প্রধান। সোশ্যাল মিডিয়ার রঙিন ফিল্টার নয়, উর্দির মর্যাদা বজায় রাখাই এখন মূল লক্ষ্য বিহার পুলিশের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
