TMC: অসমীয়ারাই স্থায়ী, বাংলাভাষীরা বিদেশি? হিমন্তকে কড়া জবাব তৃণমূলের, সরব কুণাল ঘোষও

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswasharma) সাম্প্রতিক মন্তব্যে উত্তাল দেশের রাজনীতি। তিনি দাবি করেছেন, “যারা আদমশুমারির কাগজে মাতৃভাষা হিসেবে বাংলা লেখেন, তারাই বিদেশি।” এই বক্তব্য শুধু ভাষিক বৈচিত্র্যের প্রতি অশ্রদ্ধা নয়, বরং বাঙালিদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে, এমনটাই বলছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।

আরও পড়ুন: Operation Sindoor: ড্রোন আটকায়নি ‘ইচ্ছে করে’! পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর ব্যাখ্যায় হাসছে গোটা দুনিয়া!

তৃণমূলের (TMC) তীব্র প্রতিক্রিয়া, বিজেপি (BJP) আসলে বাঙালিদের ঘৃণা করে, আর ক্ষমতায় এসেই অসমে ভাষা-পরিচয়ের রাজনীতি শুরু করেছে। দলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশাল মিডিয়ায় সরাসরি প্রশ্ন ছুঁড়েছেন—“বাংলা কি আমাদের মাতৃভাষা নয়? আমরা কি ভারতীয় নই?” তিনি আরও যুক্ত করেন, “যদি বিজেপি বাংলাদেশের (Bangladesh) অনুপ্রবেশের কথা বলে, তাহলে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ (BSF) কিসের জন্য?”

এই বিতর্কের পেছনে রয়েছে অসমের এক সংখ্যালঘু নেতার আহ্বান। যেখানে তিনি মুসলিমদের অনুরোধ করেন, আদমশুমারিতে বাংলা ভাষা বেছে নিতে। এর পাল্টা দিতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত (Himanta Biswasharma)। কিন্তু প্রশ্ন উঠেছে, আদমশুমারির ভাষা নির্বাচন কি কাউকে বিদেশি প্রমাণ করার হাতিয়ার? তৃণমূলের (TMC) বক্তব্য আরও স্পষ্ট এটি বিজেপির একটি সাংস্কৃতিক আগ্রাসনের অংশ। তাদের লক্ষ্য, ‘এক ভাষা, এক জাতি’র নাম করে বহুভাষিক ভারতের শিকড়ে কুঠারাঘাত করা। শুধু অসম নয়, সারা ভারতেই গেরুয়া শিবিরের এই বর্ণবাদী প্রবণতা চোখে পড়ছে।

তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে—এই ‘বাঙালিবিদ্বেষী’ মানসিকতার বিরুদ্ধে বাংলা আরও ঐক্যবদ্ধ হবে। দলীয় বিবৃতিতে লেখা হয়েছে, “ঘৃণা, ধর্মীয় অসহিষ্ণুতা আর বিভাজনের রাজনীতি দিয়ে বাংলা জিতবে না। বরং এই অপমানের জবাব দেবে ব্যালটেই।” এখন প্রশ্ন বাংলার মানুষের। বাংলা বললেই কি সত্যিই ‘বিদেশি’? নাকি এই মন্তব্য বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার ইঙ্গিতমাত্র?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT