CJI BR Gavai : ‘এমন পরিস্থিতি একবিংশ শতকে মেনে নেওয়া যায় না’, দেশের প্রধান বিচারপতি বললেন, আইনি ব্যবস্থার “সংশোধনের খুব প্রয়োজন”

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং এর সংস্কারের খুব প্রয়োজন। শনিবার এমনটাই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই (CJI BR Gavai)। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এই মন্তব্যের পরেই স্বাভাবিক ভাবেই দেশের বিচারব্যবস্থা সম্পর্কে নানা চর্চা শুরু হয়েছে।

ভারতের বিচারব্যবস্থার সংশোধন সম্পর্কে কথা বলার সময়ে বিচারপতি গাভাই বলেন, “আমাদের বিচারব্যবস্থা সংস্কার করার দরকার রয়েছে। তবে আমি আশা রাখি, দেশের মানুষ এবং আমাদের তরুণ মেধা এই সংকট মোকাবিলায় সামনের সারিতে থাকবে।” এর পরেই তিনি বলেন, “বিচার পেতে কখনও কখনও কয়েক দশক লেগে যায়। বহু ঘটনায় দেখা গিয়েছে, অভিযুক্ত বছরের পর বছর হাজতে কাটিয়েছেন, পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন। এমন পরিস্থিতি একবিংশ শতকে মেনে নেওয়া যায় না।” প্রধান বিচারপতি আরও বলেছেন, “যদিও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের আইনি ব্যবস্থার সংশোধনের খুব প্রয়োজন, আমি সতর্কতার সঙ্গে আশাবাদী যে আমার সহ-নাগরিকরা চ্যালেঞ্জগুলির মুখোমুখি হবেন।” এদিন তরুণ আইনজীবীদের উদ্দেশে বিচারপতি বি আর গাভাইয়ের অনুরোধ, “মেন্টর খোঁজো ক্ষমতা দেখে নয়, সততা দেখে। সততাই তোমার আসল দিশা।”

আরও পড়ুনঃ Shubhanshu Shukla : সফল হয়েছে নির্ধারিত সব পরীক্ষা, তথ্য নিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশু, সময় জানাল ISRO

হায়দ্রাবাদের জাস্টিস সিটিতে অবস্থিত নালসার আইন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ভাষণে বিচারপতি গাভাই (CJI BR Gavai) শিক্ষার্থীদের বৃত্তির ভিত্তিতে বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার পরামর্শ দেন । তবে তিনি পারিবারিক আর্থিক অবস্থার উপর চাপ না দেওয়ার বার্তা দিয়েছেন। স্নাতকদের উদ্দেশে বার্তা দিয়ে প্রধান বিচারপতি বলেন, “বিদেশে পড়তে যাও, কিন্তু চেষ্টা করো স্কলারশিপে যাওয়ার। বাবা-মায় যেন আর্থিক কষ্টে না পড়েন।” আইন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমাও অংশগ্রহণ করেছিলেন। তেলেঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পাল সমাবর্তনে সভাপতিত্ব করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT