PM Modi’s Pakistani sister: মোদীর হাতে রাখি বাঁধতে প্রস্তুত পাকিস্তানি বোন, আমন্ত্রণের অপেক্ষায়

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আদায়-কাঁচকলায় হলেও প্রতি বছর রাখি বন্ধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি (Raksha Bandhan) পরান তাঁর পাকিস্তানি বোন(PM Modi’s Pakistani sister)। দুই দেশের সম্পর্কে তিক্ততা থাকলেও ভারত ও পাকিস্তানের দুই ভাই-বোনের মধ্যে রয়েছে মধুর সম্পর্ক। কোনও বছর এই নিয়মের অন্যথা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও(Narendra Modi) তাঁর এই বোনের কাছ থেকে রাখি পরেন। চলতি বছরেও দাদা মোদীকে রাখি পরানোর জন্য প্রস্তুত কমর মহসিন শেখ। তিনি নিজে হাতে বিশেষ রাখি তৈরি করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

কমর মহসিন শেখ পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৮১ সালে বিয়ের পর ভারতে চলে আসেন। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী মোদীকে রাখি পরাচ্ছেন। চলতি বছরে তিনি ওম এবং ভগবান গণেশের নকশা দিয়ে দুটি রাখি তৈরি করেছেন। কমর মহসিন জানিয়েছেন তিনি কখনও বাজার থেকে রাখি কেনেন না বরং প্রতি বছর বাড়িতে হাতে রাখি তৈরি করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কব্জিতে বাঁধার জন্য সেখান থেকে একটি বেছে নেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) একজন স্বেচ্ছাসেবক হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে মহসিন বলেন যে নরেন্দ্র মোদী তাঁর খোঁজ নিয়ে বলেছিলেন, ‘কেমন আছো বোন?’ সেই সংক্ষিপ্ত আলাপচারিতা তিন দশকেরও বেশি সময় ধরে টিকিয়ে রেখেছে পাকিস্তানি কমর মহসিন শেখের সঙ্গে মোদীর ভাই-বোনের বন্ধন। সেই দিন থেকে, তিনি প্রতি বছর মোদীর হাতে রাখি বাঁধেন এবং মোদী তাকে তার বোন হিসেবে গ্রহণ করেছেন। তিনি গত রাখি বন্ধনের কথাও স্মরণ করে বলেন তিনি মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা পূর্ণ হয়েছে। যখন সেই প্রার্থনা সত্য হয়, তখন মোদী তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি পরবর্তীতে কী আশীর্বাদ করবেন, যার উত্তরে তিনি বলেন যে তিনি আশা করেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন, সেই ইচ্ছা এখন পূরণ হয়েছে, মোদী বর্তমানে তাঁর তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালে, কমর মহসিন শেখ রাখি বন্ধনের জন্য দিল্লি যেতে পারেননি, কিন্তু চলতি বছরে তিনি আশাবাদী যে প্রধানমন্ত্রীর কার্যালয়(PMO) থেকে আমন্ত্রণ পেলে তিনি আবারও সেখানে যেতে পারবেন। কমর তাঁর স্বামীর সঙ্গে এই ভ্রমণে যাওয়ার কথা ভেবেছেন এবং প্রধানমন্ত্রীর হাতে তার তৈরি রাখি বেঁধে ঐতিহ্য বজায় রাখার পরিকল্পনা করছেন। উৎসবের প্রস্তুতির সময়, শেখ বলেন যে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন এবং আশা করেন যে মোদী দেশের সেবা চালিয়ে যাবেন। নমোর পাকিস্তানি বোন আরও বলেন যে মোদীকে চতুর্থবার ক্ষমতায় আসতে দেখতে চান।