WBJEE Result 2025: হাইকোর্টের মামলায় স্থগিত জয়েন্টের ফলপ্রকাশ! হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের (WBJEE Result 2025) জন্য অধীর অপেক্ষায় ছিলেন হাজার হাজার পড়ুয়া। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৭ অগস্ট, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল বোর্ড। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

আরও পড়ুন:Career in Biotechnology: বায়োটেকনোলজি পড়ে বিজ্ঞানী কিংবা গবেষক? জানুন কীভাবে পৌঁছবেন সেই পথে

আজ, বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টে রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE Result 2025) একটি গুরুত্বপূর্ণ মামলা। শুনানি হওয়ার কথা সকাল ১০:৩০-এ। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জয়েন্টের ফলপ্রকাশ (WBJEE Result 2025) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বোর্ড সূত্রে খবর, মামলার রায় এবং উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুসারে পরে ফলপ্রকাশের নতুন দিন ঘোষণা করা হতে পারে।

মূল সমস্যা ওবিসি (Other Backward Classes) শংসাপত্র সংক্রান্ত। রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল, যাকে পরে সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয়। এরপর উচ্চশিক্ষা দফতর আইনি পরামর্শ নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডকে জানায়, কিন্তু হাইকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

ফলে অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ। শুধু জয়েন্টই নয়, এ দিনই কলেজে স্নাতক স্তরের মেধাতালিকাও প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু মামলার প্রভাব সেই তালিকাতেও পড়তে পারে বলে আশঙ্কা। ফলাফল প্রকাশের দিন স্থগিত হওয়ায় চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তাঁদের অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় থাকছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT